শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০৯:১৬ অপরাহ্ন
আমার সুরমা ডটকম:
অনলাইন জুয়াড়ি চক্রের মূলহোতা মোঃ মাহবুব হোসেন হিমেল (২৬) ও হাসান মিয়াকে (২৪) আটক করেছে দিরাই থানা পুলিশ। এ সময় তাদের কাছে থেকে অনলাইন জুয়ায় ব্যবহৃত ১৭টি মোবাইল ফোন জব্দ করা হয়। শুক্রবার রাত ১২টার দিকে সুনামগঞ্জের দিরাই থানা পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পৌর শহরের আরামবাগ আবাসিক এলাকায় অবস্থিত মাহবুব হোসেন হিমেলের বাসার ছাদের চিলেকোঠা থেকে জুয়া খেলা অবস্থায় তাদের হাতেনাতে আটক করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে তাদের কয়েক সহযোগী পালিয়ে যায়।
জানা যায়, মো. মাহবুব হোসেন হিমেল উপজেলার সরমঙ্গল ইউনিয়নের জারলিয়া গ্রামের মৃত মতলিব মিয়ার ছেলে ও ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন জুয়েলের ছোট ভাই। আটক অপর যুবক হাসান মিয়া সুনামগঞ্জ সদর উপজেলার বাহাদুরপুর গ্রামের গোলাম মোস্তফার ছেলে।
পুলিশ জানায়, মাহবুব হোসেন হিমেল দীর্ঘদিন ধরে দিরাই পৌরশহরসহ উপজেলার বিভিন্ন এলাকায় সক্রিয়ভাবে অনলাইন জুয়া পরিচালনা করে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার গভীর রাতে অভিযান চালিয়ে জুয়া খেলায় ব্যবহৃত ১৭টি মোবাইল ফোন ও এক সহযোগীসহ তাকে আটক করা হয়।
দিরাই থানার অফিসার ইন-চার্জ (ওসি) এনামুল হক চৌধুরী বলেন, অনলাইন জুয়ার মাধ্যমে এলাকার তরুণ সমাজ বিপথগামী হচ্ছে-এমন তথ্যের ভিত্তিতে পুলিশ নজরদারি বাড়িয়েছিল। আটককৃতদের বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করে শনিবার সুনামগঞ্জ জেল হাজতে প্রেরণ করা হয়েছে।