সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৭:২৬ অপরাহ্ন
আমার সুরমা ডটকম:
তেলের সরবরাহ আগের মতো থাকার পরও এখন মোটর সাইকেলগুলো দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থেকে সংগ্রহ করছেন তারা। এমনকি সকাল সাড়ে ১০টা থেকে দাঁড়িয়ে থেকে ১০ ঘণ্টা পর তেল নিতে হচ্ছে মোটর সাইকেল চালকদের। সুনামগঞ্জের দিরাই বাসস্টেশন সংলগ্ন ফিলিং স্টেশনে অপেক্ষার পর তেল সংগ্রহের চিত্র এখন নিত্যদিনের। গতকাল (সোমবার) সকাল সাড়ে ১০টা থেকে সন্ধ্যায় এ রিপোর্ট লেখা পর্যন্ত প্রায় শতাধিক মোটর সাইকেল তেলের অপেক্ষায় থাকতে দেখা গেছে।
খোঁজ নিয়ে জানা গেছে, দিরাইয়ে আগের মতোই সাড়ে ৯ হাজার লিটার তেল এখনো সরবরাহ হচ্ছে। কিন্তু যারা নিচ্ছেন, তারা এখন বার বার ইচ্ছে মতো তেল নেয়ার কারণে শেষ হচ্ছে। আগে সাড়ে ৯ হাজার লিটার তেল আসার পর ২/৩ দিন চলতো। এখন সময়ের আগেই শেষ হয়ে যাওয়ার কারণে এই সংকট তৈরি হচ্ছে। অথচ বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন থেকে সতর্কবার্তা দিয়ে বলা হয়েছে, ‘বৈশ্বিক জ্বালানী পরিস্থিতি বিবেচনায় সকল সম্মানিত গ্রাহককে প্রয়োজনের অতিরিক্ত জ্বালানী ক্রয় না করে, স্বাভাবিক ক্রয় প্রক্রিয়া বজায় রেখে সাশ্রয়ী ব্যবহারের জন্য অনুরোধ করা হচ্ছে’।
দিরাইয়ের হাজী ফিলিং স্টেশনের ম্যানেজার ইকবাল হোসেন জানান, আজকে এই মুহূর্তে স্টকে কোনো ডিজেল নেই, রাত ৮টা নাগাদ গাড়ি আসবে। এরপর আমরা ধারাবাহিকভাবে তেল দিতে পারবো। সর্বশেষ গতকাল সোমবার সকাল সাড়ে ১০টা পর্যন্ত আমরা তেল দিয়েছি।
দিরাই উপজেলা নির্বাহী অফিসার সন্জীব সরকার জানান, দিরাইয়ে আগেও সাড়ে ৯ হাজার লিটার তেল আসতো, তখন কোনো সংকট ছিলো না। এখনো আগের পরিমাণই আসে। তবে এখন অনেকেই একাধিকবার তেল নিচ্ছেন এবং পরিমাণও তার প্রয়োজনের চেয়ে বেশি নেয়ার কারণে স্বাভাবিকভাবেই সংকট দেখা দিচ্ছে। আজ (সোমবার) রাতেই গাড়ি চলে আসবে বলে ফিলিং স্টেশন কর্তৃপক্ষ জানিয়েছেন।