বুধবার, ০৮ Jul ২০২৬, ০৬:১৭ অপরাহ্ন
আমার সুরমা ডটকম:
দিরাই উপজেলায় মাদক ও অনলাইন জুয়ার বিস্তার রোধে পুলিশ কঠোর অবস্থানে থাকবে। এ দুই অপরাধের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে। বুধবার দুপুরে সুনামগঞ্জের দিরাই থানার ওসির কার্যালয়ে নবাগত অফিসার ইনচার্জ (ওসি) আমিনুল ইসলাম দিরাই প্রেসক্লাবের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময়কালে এ কথা বলেন। এ সময় তিনি মাদক ও অনলাইন জুয়ার বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণের ঘোষণা দিয়ে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে গণমাধ্যমকর্মীসহ সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেন।
সভায় উপস্থিত ছিলেন দিরাই প্রেসক্লাবের সভাপতি মুহাম্মদ আব্দুল বাছির সরদার, সাধারণ সম্পাদক মুজাহিদ সর্দার তালহা, কোষাধ্যক্ষ সালমান মিয়া, দপ্তর সম্পাদক মুক্তার হোসেন এবং সদস্য জাকির হোসেন জুহান ও আবুল ফজল আকাশ।
মতবিনিময়কালে নবাগত ওসি আমিনুল ইসলাম বলেন, দিরাই উপজেলায় মাদক ও অনলাইন জুয়ার বিস্তার রোধে পুলিশ কঠোর অবস্থানে থাকবে। এ দুই অপরাধের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে। তিনি জানান, দায়িত্ব গ্রহণের পর থেকেই উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মাদকসহ একাধিক মাদক কারবারিকে আটক করা হয়েছে এবং এ ধরনের অভিযান ভবিষ্যতেও আরো জোরদারভাবে অব্যাহত থাকবে।
তিনি আরো বলেন, মাদক শুধু একজন ব্যক্তিকে নয়, একটি পরিবার ও সমাজকে ধ্বংস করে। একইভাবে অনলাইন জুয়া তরুণ সমাজকে বিপথগামী করছে। এসব অপরাধ নিয়ন্ত্রণে পুলিশের একক প্রচেষ্টা যথেষ্ট নয়। গণমাধ্যম, জনপ্রতিনিধি, শিক্ষক, অভিভাবক এবং সচেতন নাগরিকদের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। পাশাপাশি গ্রাম আধিপত্য বিস্তার রোধে পঞ্চায়েতের নামে কোনো ব্যক্তি বা পরিবারের উপর মানসিক নির্যাতন না করতেও সকলের প্রতি আহ্বান জানান।
ওসি আমিনুল ইসলাম বলেন, দিরাই থানাকে একটি জনবান্ধব ও সেবামুখী থানায় পরিণত করতে তিনি আন্তরিকভাবে কাজ করবেন। অপরাধ দমন, আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে সকলের সহযোগিতা ও গঠনমূলক পরামর্শ প্রত্যাশা করেন।