‘বাদলি বাঙ্গা রইদ’ (বাদল ভাঙ্গা রোদ) গ্রামীণ প্রচলিত এই বাক্যের তাৎপর্য ও বাস্তবতা মাঝে-মধ্যে মিলে। এটি সাধারণত বেশ কয়েকদিন একাধারে বৃষ্টি হওয়ার পর প্রচণ্ড রোদ দেখা দিলে এই বাক্যটি মিলে যায়। অর্থাৎ বাদল শেষ হওয়ার পর গরমের উত্তাপ একটু বেশি টের পাওয়া যায়। এর রেশ শুধু মানুষের মধ্যেই পড়ে না, বিভিন্ন পশু-পাখির মধ্যে এই প্রচণ্ড গরমের তাপ বুঝা যায়। ছবিতে দেখা যাচ্ছে দুটি গাভী বাদল ভাঙ্গা রোদের প্রচণ্ড তাপ সহ্য করতে না পেরে পানিতে নেমে নিজের শরীর শীতল করার চেষ্টা করছে। একই সময়ে সড়কে গাছের তলায় আশ্রয় নিয়ে অনেক গরু-ছাগল হাঁপাচ্ছিলো। গতকাল সুনামগঞ্জের দিরাইয়ে তাপমাত্রা ছিলো ৩৩ ডিগ্রি সেলসিয়াস। যার ফলে সূর্যের তাপ ছিলো প্রখর। এ কারণে মানুষসহ বিভিন্ন পশু-পাখি গরমের তাপে অতিষ্ট হয়ে পড়েছিলো। ছবিটি সুনামগঞ্জের দিরাই উপজেলার করিমপুর ইউনিয়নের উত্তর চান্দপুর থেকে তোলা। -ছবি ও লেখা: সাংবাদিক মুহাম্মদ আব্দুল বাছির সরদার